মুম্বই, ৮ অক্টোবর (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সামঞ্জস্যপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৯.৫ শতাংশ অনুমান করা হয়েছে। সিপিআই মুদ্রাস্ফীতি ২০২২ অর্থবছরের জন্য ৫.৩ শতাংশ অনুমান করা হয়েছে। ভারতীয় অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে বলেও জানিয়েছেন আরবিআই গভর্নর। তিনি মনে করছেন, ভারতীয় অর্থনীতি স্বাভাবিক সময়ের দিকে অগ্রসর হচ্ছে।

