ত্রিপুরা

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের মিছিল, কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ৯ অক্টোবর: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। শুক্রবার ডিওয়াইএফআই, টিওয়াইএফ, টিএসইউ এবং এসএফআইয়ের যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনগুলির সদস্যরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব-সহ চারটি সংগঠনের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

মিছিল শেষে এক সাক্ষাৎকারে নবারুণ দেব মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বার্থ রক্ষা করতে গিয়ে জ্ঞানেশ কুমার দেশে দুই ধরনের নাগরিক তৈরির প্রক্রিয়াকে প্রশ্রয় দিচ্ছেন।

নবারুণ দেবের দাবি, প্রায় ১৩ কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রেখে কয়েকটি রাজ্যে তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে। ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির প্রসঙ্গ তুলে নবারুণ দেব বলেন, জ্ঞানেশ কুমারের ভূমিকা ইতিমধ্যেই সামনে চলে এসেছে। তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এদিনের বক্তব্যে শনিবার দিল্লিতে ছাত্র-যুবদের আন্দোলনে নামার প্রসঙ্গও তুলে ধরেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, আন্দোলন মোকাবিলার জন্য দিল্লিতে রেল ও মেট্রো পরিষেবা-সহ বিভিন্ন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটাধিকার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নিজেদের প্রতিবাদ জানায় চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন।