আগরতলা, ১৯ আগস্ট: দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। নতুন দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপ্লব কুমার দেব।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের ছবি প্রকাশ করে বিপ্লব কুমার দেব লেখেন, দেশের যশস্বী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। একইসঙ্গে অমিত শাহের স্নেহ, দিকনির্দেশনা ও আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন। দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি নতুন দায়িত্ব ও আগামী দিনের কর্মকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
বিপ্লব কুমার দেবের এই সাক্ষাৎকে ঘিরে বিজেপির রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। নতুন দায়িত্বে তাঁর ভূমিকা এবং আগামী দিনে সংগঠন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর কর্মকাণ্ড কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।



















