আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিশ্রামগঞ্জের কেশবন এইচএস স্কুলের ছাত্র নয়ন দেবনাথ। দুর্ঘটনার পর তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন সে। এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রিপার গাড়িটিকে এখনও চিহ্নিত বা আটক করতে পারেনি পুলিশ বলে অভিযোগ পরিবারের।
জানা গেছে, গত ১৭ আগস্ট স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নয়ন। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই শিব মন্দিরের সামনে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রিপার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় নয়ন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের দাবি, নয়নের পায়ের একটি হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নয়নের দিদি সুনাই দেবনাথ, পুলিশের কাছে দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও গাড়িটির সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দুর্ঘটনায় জড়িত ট্রিপারটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত নয়নের উন্নত চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছে পরিবার।
























