কৈলাসহর, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার আগে মহারাজা বীর বিক্রমের অবদানকে খাটো করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, এর বিরুদ্ধে আগামী দিনে যুব মোর্চা সংগঠিতভাবে জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন অরিন্দম।
এদিন কৈলাসহরে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান নিয়ে আলোচনা করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। তাঁর দাবি, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে মহারাজাকে তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। মহারাজার ঐতিহাসিক অবদানকে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মহারাজা বীর বিক্রমের অবদান ও তাঁর দূরদর্শী চিন্তাভাবনাকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অরিন্দম দেব। তাঁর বক্তব্য, মহারাজার অবদানকে কোনওভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ-সহ বিজেপির অন্যান্য নেতা এবং যুব মোর্চার কর্মীরা।
অরিন্দম দেবের ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তাঁর এই মন্তব্যের জেরে ঊনকোটি জেলায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।



















