কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে তাঁর পরিবার। নিখোঁজ যুবকের নাম দিলওয়ার মিয়া। তিনি কমলপুর থানাধীন মোহনপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কে বা কারা দিলওয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কমলপুর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বুধবার পর্যন্ত দিলওয়ারের কোনও সন্ধান মেলেনি বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের আরও দাবি, দিলওয়ার সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীতে (বিএসএফ) চাকরির জন্য সুযোগ পেয়েছিলেন। তাঁর এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
চারদিন ধরে যুবকের কোনও সন্ধান না মেলায় তাঁর পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে পরিবার।



















