News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি, তেলিয়ামুড়ার একাধিক এলাকায় জলবন্দি পরিবার; খোলা হলো ৭টি ত্রাণ শিবির
Image

টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি, তেলিয়ামুড়ার একাধিক এলাকায় জলবন্দি পরিবার; খোলা হলো ৭টি ত্রাণ শিবির

তেলিয়ামুড়া, ৮ জুলাই: টানা দু-তিন দিনের প্রবল বর্ষণে বিপজ্জনকভাবে বেড়েছে খোয়াই নদীর জলস্তর। নদীর জল উপচে তেলিয়ামুড়া পুরপরিষদ ও সংলগ্ন গ্রামাঞ্চলের একাধিক নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই বহু পরিবারের বসতবাড়িতে জল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্তদের জন্য ৭টি ত্রাণ ও আশ্রয় শিবির খুলেছে প্রশাসন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেলিয়ামুড়া পুরপরিষদের ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দশমীঘাট এবং ৯ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকা। পাশাপাশি তৃষাবাড়ি, মোহরছড়া ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের নদীতীরবর্তী বিভিন্ন এলাকাতেও বাড়িঘরে জল ঢুকে পড়েছে। অনেক পরিবার মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত রয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য পুরপরিষদ এলাকায় ৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এছাড়াও মোহরছড়া স্কুলে গ্রামাঞ্চলের বন্যাদুর্গতদের জন্য পৃথক একটি আশ্রয় শিবির চালু করা হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং অন্যান্য জরুরি পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে নদীতীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন কাজ করছে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, তেলিয়ামুড়া পুরপরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকার ১০ থেকে ১৫টি পরিবার শিশু মালঞ্চ স্কুলে খোলা আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জন্য প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানীয় জলসহ সব ধরনের জরুরি পরিষেবা নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে খোয়াই নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Releated Posts

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top