আগরতলা, ১২ এপ্রিল : বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ৪৫ শতাংশ ভোট পড়েছে। এখনও কাঠালিয়া-মির্জা-রাজাপুর আসনে ভোটের হার সর্বাধিক রেকর্ড হয়েছে।
কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাঠালিয়া-মির্জা-রাজাপুর আসনে সর্বোচ্চ ২২৯২৭টি ভোট পড়েছে। এদিকে, পুরুষদের তুলনায় মহিলাদের ভোটের হার বেশি লক্ষ্য করা গিয়েছে। এডিসি নির্বাচনে মোট ৯ লক্ষ ৫১ হাজার ৬১৩ জন ভোটারের মধ্যে সকাল ১১টা পর্যন্ত ৪ লক্ষ ২৭ হাজার ৯৭৭ জন ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ২ লক্ষ ১৯ হাজার ১২৭ জন মহিলা এবং ২ লক্ষ ৮ হাজার ৮৪৯ জন পুরুষ ও ১ জন উভয় লিঙ্গের ভোটার ভোট দিয়েছেন।



















