আগরতলা, ১১ এপ্রিল: ভারতবর্ষের প্রখ্যাত সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে-এর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা, বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকরা।
কর্মসূচির সূচনা হয় জ্যোতিরাও ফুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর তাঁর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা তাঁর সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড এবং আদর্শ তুলে ধরেন।
এদিন আশিস কুমার সাহা বলেন, জ্যোতিরাও ফুলে ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, সমাজ সংস্কারক ও লেখক, যিনি সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস সংগ্রাম করেছেন। তিনি নারী শিক্ষা প্রসার, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়ন এবং বর্ণপ্রথার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা গ্রহণ করেন। তাঁর প্রচেষ্টায় মহিলাদের শিক্ষার পথ সুগম হয় এবং সমাজে ন্যায় ও সমতার বার্তা ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ফুলের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সমাজে বৈষম্য দূরীকরণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর চিন্তাধারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।



















