আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত মোট ৩৩.৫০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। বৃষ্টির মধ্যেও ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল।
জানা গেছে, এদিন সকাল ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত গড়ে ১৫.৬৩ শতাংশ ভোট পড়ে। পরবর্তী দুই ঘণ্টায় ভোটগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে সকাল ১১টার মধ্যে তা পৌঁছে যায় ৩৩.৫০ শতাংশে। এই উপনির্বাচনে মোট ৪৬,১৪২ জন ভোটার ছয়জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, ভোটগ্রহণ শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা প্রযুক্তিগত ত্রুটির খবর পাওয়া যায়নি। উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত হলেও ভোটগ্রহণে তার কোনো প্রভাব পড়েনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।



















