ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে আদর্শ ভোটকেন্দ্র রয়েছে ১১টি।
পাশাপাশি ১১টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র, ২টি দিব্যাঙ্গজন পরিচালিত ভোটকেন্দ্র এবং ২টি যুব পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
এই কেন্দ্রে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির জহর চক্রবর্তী, জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, সিপিআই(এম)-এর অমিতাভ দত্ত, আমরা বাঙালীর বিভাস রঞ্জন দাস, এসইউসিআই-এর সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ১৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ২৩ হাজার ৭৫৮ জন এবং পুরুষ ভোটার ২২ হাজার ৩৮৪ জন। এছাড়াও ৯১ জন সার্ভিস ভোটার রয়েছেন।



















