কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার এক প্রশাসনিক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানার ওসি হিরক দলপতিকে ইন্টেলিজেন্স বিভাগে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের নীলকণ্ঠ রায়কে নতুন ওসি করা হয়েছে।
শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্রকে গড়িয়াহাট থানায় আনা হয়েছে। অন্যদিকে, এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহকে বিজয়গঞ্জ বাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এসটিএফ থেকে ফিরিয়ে এনে মনোজ দত্তকে চেতলা থানার নতুন ওসি করা হয়েছে।
নির্বাচনের আগে রাজ্যে প্রশাসনিক ও পুলিশ স্তরে ব্যাপক বদলি চালাচ্ছে নির্বাচন কমিশন। এবার কলকাতা পুলিশেও বড় রদবদলের নির্দেশ দিয়েছে কমিশন। ১৮১ ও ১৮২ নম্বর আদেশ জারি করে একাধিক গুরুত্বপূর্ণ থানার ওসিদের সরিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ বা স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। চেতলা থানার ওসি অমিতাভ সরকারকেও এসটিএফে পাঠানো হয়েছে।
এছাড়া হেয়ার স্ট্রিট ও ঠাকুরপুকুর থানার ওসিদের মধ্যেও রদবদল হয়েছে। এই দুই থানার বর্তমান ওসি লপসাং ত্সেরিং ভুটিয়া এবং রাজীব সাহুকে পারস্পরিক বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ মার্চ জারি হওয়া ১৭৪ ও ১৭৫ নম্বর নির্দেশিকার কিছু সংশোধন ও আংশিক পরিবর্তনও করা হয়েছে নতুন নির্দেশে।
প্রসঙ্গত, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-র মনোনয়ন জমার আগে ভবানীপুরে রোডশোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ায় চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। পাশাপাশি ওই চারটি জায়গায় দ্রুত নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার নিয়োগের নির্দেশ দেয় কমিশন।
এই প্রেক্ষাপটেই ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশের ছয়টি থানার ওসি পদে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
_____



















