গুয়াহাটি, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই অসমের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দেশের নানা জায়গা থেকে ভ্রমণপ্রেমীরা এখানে ছুটে আসছেন প্রকৃতির অপার সৌন্দর্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্য উপভোগ করতে।
বিশ্বের বৃহত্তম একশৃঙ্গ গণ্ডারের আবাসস্থল হিসেবে পরিচিত কাজিরাঙা বরাবরের মতোই বন্যপ্রাণী প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পর্যটকরা এখানে এসে স্বাভাবিক পরিবেশে গণ্ডার দেখার অভিজ্ঞতায় মুগ্ধ হচ্ছেন। পাশাপাশি, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এই অরণ্যে হাতি সাফারি ও জিপ সাফারির বিশেষ আকর্ষণও উপভোগ করছেন তারা।
মহারাষ্ট্র থেকে আসা পর্যটক হর্ষল জানান, এটি তার প্রথম কাজিরাঙা সফর। সকালে হাতি সাফারিতে গণ্ডার দেখার অভিজ্ঞতা হয়েছে এবং এখন জিপ সাফারিতে বাঘ দেখার আশায় রয়েছেন। আরেক পর্যটক জাহ্নবী বলেন, আবহাওয়া অনুকূল থাকায় ভ্রমণ আরও উপভোগ্য হয়েছে।
পর্যটন গাইড অপূর্ব গগৈ জানান, নির্বাচন চললেও পর্যটনে কোনও প্রভাব পড়েনি। “নির্বাচন ও পর্যটন একসঙ্গে চলছে, পর্যটকদের আগমন ভালোই রয়েছে, বলেন তিনি।
গুয়াহাটির পর্যটক মিন্টু জানান, তিনি আগেও কাজিরাঙা এসেছেন এবং এবার অর্কিড পার্ক ঘুরতে যাবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ৯ এপ্রিলের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং একটি ভালো সরকার গঠিত হবে।
পর্যটক রতন দেবনাথও বলেন, এই সফর তাদের জন্য আনন্দদায়ক। তবে ভোটের দিন তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। লক্ষ্মীপুরের আব্দুল কাদির জানান, নির্বাচন আলাদা বিষয়, পরিবার নিয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করতেই তিনি এখানে এসেছেন।
এদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি জানান, ২০২৫ সালে কাজিরাঙায় একটিও গণ্ডার শিকার হয়নি, যা রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থার সাফল্যকে তুলে ধরে।



















