আগরতলা, ২ এপ্রিল: সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প চালক বাপন সাহার বিরুদ্ধে। অভিযোগ, গতকাল থেকে তিনি পাম্প মেশিন চালাচ্ছেন না, যার ফলে হাসপাতালজুড়ে দেখা দিয়েছে তীব্র জলসংকট।
পাম্প মেশিন বন্ধ থাকায় হাসপাতালের শৌচালয় ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে। শৌচালয় পরিচালনার দায়িত্বে থাকা বিশ্বজিৎ ঘোষ ও দীপক দত্ত বাধ্য হয়ে শৌচালয় বন্ধ করে দেন। এতে করে রোগী, তাদের পরিজন এবং হাসপাতালে আগত সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন বিশ্বজিৎ ঘোষ ও দীপক দত্ত। তাদের অভিযোগ, দায়িত্বে অবহেলা করে বাপন সাহা মেলায় দোকান পরিচালনায় ব্যস্ত রয়েছেন, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে, বিশ্রামগঞ্জে চলমান মেলার কারণে এলাকায় মানুষের ভিড় বেড়েছে বহুগুণ। হাসপাতালের সামনে থাকা প্রায় ৬০ থেকে ৭০ জন অটোচালকও এই পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, মেলায় আসা ব্যবসায়ী এবং দর্শনার্থীদের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীরাও জল না থাকার কারণে ভীষণ সমস্যায় পড়ছেন। বিশেষ করে শৌচালয়ে জল না থাকায় স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ ও দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বমহলে।



















