কাঞ্চনপুরে সবজি ব্যবসায়ীর উপর নৃশংস হামলা, গলা কেটে হত্যার চেষ্টা, চাঞ্চল্য

আগরতলা, ৩০ মার্চ: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমা। এক সবজি ব্যবসায়ীর উপর নৃশংস হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গেছে, দশদা ব্লকের গৌরীশংকর রোড এলাকার বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সী অশ্বিনী শুক্ল বৈদ্য প্রতিদিনের মতোই কম্বল টিলা এলাকায় তাঁর সবজির দোকান বন্ধ করে গতকাল রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে পিছন থেকে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতিকারীরা। মুখ বেঁধে ও হাত-পা বেঁধে তাঁর উপর নির্মম অত্যাচার চালানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় কোনোভাবে নিজেকে মুক্ত করে সাহায্যের জন্য চিৎকার করেন তিনি। তাঁর আর্তনাদ শুনে স্থানীয় পথচারীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে প্রথমে দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আহত অশ্বিনী শুক্ল বৈদ্য জানান, হামলার সময় তাঁর মুখ বাঁধা থাকায় দুষ্কৃতিকারীদের স্পষ্টভাবে দেখতে পাননি। তবে কণ্ঠস্বর শুনে তিনি একজনকে সন্দেহ করছেন, যার নাম সুবল দাস—তিনি পাশের একটি দোকানের কর্মচারী। যদিও হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি এবং কারও সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতাও ছিল না বলে দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় এমন ঘটনা ক্রমশ বাড়ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply