বিশালগড়ে গুলিবর্ষণ, ৫০ লক্ষ টাকা চাঁদার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ২১ মার্চ: সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি দেওয়ার পরই বাড়িতে ঢুকে দফায় দফায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের নেতাজীনগর এলাকায়। অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী রণবীর ও তার সহযোগীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকেদার অনুপ সাহা ওরফে মাধুর কাছ থেকে ফোনে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় গতকাল রাতে বিশালগড় থানার মাত্র প্রায় ৩০০ মিটার দূরে নেতাজীনগরে তাঁর বাড়িতে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। সৌভাগ্যবশত, এই হামলায় কেউ হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক মামলায় পলাতক। ঘটনার সময় তারা একটি টমটমে করে আসে এবং এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে।

এদিকে, বিশালগড়ে ক্রমবর্ধমান দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রণবীর দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, বোমাবাজি সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি দেওয়া এবং পরপর হিংসাত্মক ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

এলাকাবাসীর একাংশের মতে, কোনো প্রভাবশালী মহলের মদত ছাড়া এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং হামলা চালানো সম্ভব নয়। ফলে রণবীরের পেছনে কারা রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে জোর জল্পনা।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, আইনের শাসন আদৌ কার্যকর কিনা, নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ঘটনার পর দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply