আগরতলা, ১২ মার্চ : সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি-র ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বাধারঘাট চৌমুহনী এলাকায় পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর রান্নার গ্যাস, সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সেখানে গণঅবস্থান কর্মসূচি সংগঠিত করা হয়।
ডুকলি মহকুমা কমিটির সভানেত্রী মিনতী মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ঝর্ণা দাস বৈদ্য এবং সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন-এর সর্বভারতীয় নেত্রী নীলাঞ্জনা রায়।
ঝর্ণা দাস বৈদ্য বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি রান্নার গ্যাস, সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বিশেষ করে গৃহিণী ও নিম্নবিত্ত পরিবারের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই ধরনের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অন্যদিকে নীলাঞ্জনা রায় বলেন, মূল্যবৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষ ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় গণআন্দোলন জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

