আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা।

প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রী সংখ্যা ৩২,৪০৪ জন। এর মধ্যে ১৪,৬২৯ জন ছাত্র এবং ১৭,৩৭৫ জন ছাত্রী রয়েছে। পাশাপাশি মাদ্রাসা আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ১২৯ জন ছাত্র এবং ২৬ জন ছাত্রী। মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬৯টি কেন্দ্রের অধীনে ১৪৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ২৬,৪১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ১২,২৪৬ জন ছাত্র এবং ১৪,১৬৪ জন ছাত্রী রয়েছে। তেমনি, মাদ্রাসা ফাজিল পরীক্ষায় মোট ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৫৮ জন ছাত্র এবং ২৭ জন ছাত্রী। উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলি রাজ্যের ৬২টি কেন্দ্র এবং ৯৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বোর্ড পরীক্ষায় অবতীৰ্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, এই গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলো। তোমাদের পরিশ্রম যেন সাফল্যে পরিণত হয় এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ স্থাপিত হয়-এই শুভকামনা রইল।

Leave a Reply