আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের দিন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী ‘ত্রিপুরা গরিলা রিটানিজ ডিমান্ড কমিটি’। তাদের এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আত্মসমর্পণকারী জঙ্গিদের এই সংগঠন ২০ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামার ঘোষণা করেছিল। সে সময় সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে দাবি পূরণের আহ্বান জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির নেতৃত্ব ধনঞ্জয় রিয়াং জানান, প্রায় ৬ হাজার আত্মসমর্পণকারী সদস্য এই আন্দোলনে শামিল হতে চলেছেন। তাদের মূল দাবি তিন দফা—রাবার প্লান্টেশনের ব্যবস্থা, আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার এবং পুনর্বাসন সংক্রান্ত অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন।
তিনি অভিযোগ করেন, আজ তাদের জনজাতি কল্যাণ দপ্তর থেকে আলোচনার জন্য ডাকা হলেও দপ্তরের অধিকর্তা তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। ফলে তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনে নামবেন।
এদিকে শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের দিনেই এই অবরোধ কর্মসূচির ঘোষণা ঘিরে প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকে নজর রাজ্যবাসীর।

