আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: নেশা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ১৮ কেজি শুকনো গাঁজা সহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা হবে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, কলেজটিলা এলাকা দিয়ে গাঁজা পাচারের নির্দিষ্ট খবরের ভিত্তিতে বিজয় অ্যাপার্টমেন্ট সংলগ্ন এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় যোগেন্দ্রনগর রেলস্টেশন-এর দিকে যাওয়ার পথে একটি সন্দেহজনক টমটমকে আটক করা হয়। টমটমে তল্লাশি চালিয়ে ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুইটি মোবাইল ফোন ও একটি টমটম বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
ওসি সুব্রত দেবনাথ আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

