বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারি: রাজ্যের মৎস্য, প্রাণী সম্পদ উন্নয়ন ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস-এর পৌরহিত্যে শুক্রবার বিলোনিয়া সার্কিট হাউসে ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, স্থানীয় বিধায়কবৃন্দ, পুরপরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা প্রশাসনের আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট তিনটি দপ্তরের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে, তার কতটা বাস্তবায়িত হয়েছে এবং কোন কোন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে—সেসব বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি যে প্রকল্পগুলি এখনো অসম্পূর্ণ রয়েছে বা বাস্তবায়নে বিলম্ব হয়েছে, তার কারণ খতিয়ে দেখা হবে। উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কোথায় ঘাটতি রয়েছে তাও চিহ্নিত করার উপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, রাজ্যে মাছ, মাংস, ডিম ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হবে। তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের আওতায় তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য যে বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে, তা সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা, তারও তদারকি করা হবে।
এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদত্ত সমস্ত আর্থিক অনুদান ও ফান্ড যাতে যথাযথভাবে এবং কার্যকরভাবে ব্যয় হয়, সে বিষয়েও বিশেষ নজরদারি চালানো হবে বলে বৈঠকে জানানো হয়।

