টাকা বেরোনোর স্লটে সেলোটেপ লাগিয়ে এটিএম জালিয়াতির চেষ্টা,  চাঞ্চল্য জয়নগরে

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: জয়নগর অবলা চৌমুহনীস্থিত একটি এটিএম কাউন্টারে টাকা বেরোনোর স্লটে কে বা কারা সেলোটেপ লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বিষয়টি প্রথম নজরে আসে কয়েকজন সচেতন গ্রাহকের, যখন তারা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। সন্দেহজনক বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে এর প্রতিবাদে সরব হন এবং আশপাশের মানুষজনকেও সতর্ক করেন।

গ্রাহকদের অভিযোগ, এভাবে টাকা বেরোনোর মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া প্রতারণার উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণত এ ধরনের কৌশলে টাকা বেরোলেও তা স্লটের মুখে আটকে যায়, পরে অসাধু ব্যক্তিরা সেই টাকা হাতিয়ে নেয়—এমন আশঙ্কাই প্রকাশ করেন গ্রাহকরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ। তারা এটিএম কাউন্টারটি খতিয়ে দেখেন এবং সেলোটেপটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এটিএম ব্যবহার করার সময় কোনো অসংগতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংক বা পুলিশকে জানাতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে এটিএম জালিয়াতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ল বলেই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply