পুর নিগমের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান, বেকায়দায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল ভোর রাত থেকেই বটতলা থেকে শুরু করে পোস্ট অফিস, হরিগঙ্গা বসাক রোড ও শকুন্তলা রোড পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও দোকান উচ্ছেদে অভিযান চালায় পুর নিগম।

অভিযানের মাধ্যমে শহরের বেআইনিভাবে দখল করা জায়গা পরিষ্কার করা হয়। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এ বিষয়ে মেয়র জানান, আগরতলা শহরকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ ব্যবসা ও ফুটপাত দখলের কারণে যানজট এবং জনদুর্ভোগের একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান। তিনি আরও বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি ও বাইক পার্কিং এবং ভেন্ডার বসানোর ফলে ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রয়োজন অনুযায়ী অভিযান চালানো হবে। মূলত যাদের কাছে লাইসেন্স রয়েছে তারাই ব্যবসা করতে পারবেন। তাঁর কথায়, ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

তবে এই অভিযানে শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী চরম সমস্যার মুখে পড়েছেন। অনেকেই পরিবার নিয়ে রাস্তায় বসে ব্যবসা করতেন। উচ্ছেদের ফলে তারা এখন বেকায়দায় পড়েছেন বলে জানা গেছে। অভিযানের সময় একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা গোটা এলাকায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

Leave a Reply