দ্বিতীয়দিনেও আন্দোলন জারি ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের ছাটাইকৃত মহিলা কর্মীদের

আগরতলা, ২ জানুয়ারি: দীর্ঘ ২২ বছর ধরে রোগীর সেবায় নিয়োজিত থাকার পর হঠাৎই গত দু’মাস ধরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন রোগী পরিচারিকা সমিতির কর্মীরা। কাজ ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার হাঁপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ণা কর্মসূচিতে বসেন তারা। দ্বিতীয়দিন শুক্রবারেও আন্দোলন জারি ছিল রোগী পরিচারিকা সমিতির কর্মীরা।

ধর্ণায় অংশগ্রহণকারী কর্মীরা জানান, বছরের পর বছর হাসপাতালের রোগীদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ১৫০ জন পরিচারিকা কর্মীরা। কিন্তু কোনও পূর্ব নোটিশ ছাড়াই তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে বহু পরিবার আজ চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য করজোরে আবেদন করেন। শুক্রবারও প্লেকার্ড হাতে আন্দোলন জারি রাখেন ছাটাইকৃত কর্মীরা।

তাঁদের দাবি, অবিলম্বে পূর্বের মতো কাজ পুনরায় চালু করতে হবে এবং স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতাল চত্বরে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।