আগরতলা, ২৭ ডিসেম্বর: ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যাকান্ড মামলায় বড়সড় অগ্রগতি হয়েছে। চুরাইবাড়ি থানাধীন এলাকা থেকে বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত অভিযুক্তদের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মনগর থানার মামলা নং ২০২৫ডিএমএন১২২ (তারিখ ১৪/১২/২০২৫)-এর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(৪), ১১৫(২), ১০৩(১) ও ৩(৫) ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই চুরাইবাড়ি থানার এলাকা থেকে আটক করা হয়। ধৃতরা হলেন, ধর্মনগর মধ্য নয়া পাড়ার বাসিন্দা মেঘদীপ ভট্টাচার্য্য (২৪) এবং পিউ ধর (২২)। গ্রেফতারকৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হলে আদালত জামিন মঞ্জুর করে আগামী ৩০ ডিসেম্বর জেল হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে পূর্বেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। আজ ওই ঘটনার সাথে জড়িত বাকি দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

