আগরতলা, ১১ ডিসেম্বর: তিপ্রাসাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে তিপরা মথার সঙ্গে। তাদের ভোটও এক, সমর্থনও এক। টাকার বিনিময়ে যদি কেউ মনে করে থাকে তিপ্রাসাদের ব্যবহার করবে, সেটি সম্ভব নয়। আজ মির্জা কাঠালিয়ায় এক যোগদান সভায় এমনটাই জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিনের যোগদান সভায় আনুষ্ঠানিকভাবে ১৯৭৫ জন ভোটার তিপরা মথায় যোগদান করেছেন বলে জানিয়েছেন তিনি।
প্রদ্যোত আরো বলেন, জনজাতিদের জন্য কাজ না করে তাদের সমর্থনের আশা কোনোভাবেই সম্ভব নয়। জনজাতিদের উন্নয়নে কাজ করলেই তারা জনজাতিদের সমর্থন পাবে। কিন্তু বর্তমান সময়ে কোন রাজনৈতিক দলই জনজাতিদের উন্নয়নে কাজ করছে না। রাজনৈতিক ময়দানে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। সিপিএম ও নিজেদের গণ্ডিতে ঢুকে গেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বরা কিছুটা আলোরণ তৈরি করতে চাইলেও জনজাতিদের উন্নয়নে কোন কাজ না করে জনজাতিদের সমর্থন কোনোভাবেই মিলবে না। টাকার বিনিময়ে জনজাতিদের যদি মনে করা হয় দমিয়ে রাখা হবে সেটি সম্ভব নয়।
তিনি আরো বলেন, একটি বিধানসভায় এলাকায় এই বিপুল পরিমাণে যোগদান থেকেই ধারণা করা যাচ্ছে আসল অর্থে তিপ্রাসাদের সমর্থন রয়েছে তিপরা মথার সঙ্গেই। এছাড়াও, গত বিধানসভা নির্বাচনে মথার সমর্থন ছাড়া বিজেপির ক্ষমতায় ফিরে আসত না একথাও অকপটে স্বীকার করেন তিনি। বেশ কিছু ক্ষেত্রে বিজেপির সঙ্গে মতের অমিল থাকতেই পারে, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ফলে তিপ্রা মথা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারায়নি। বিজেপির অন্দরে কিছু নেতৃত্ব রয়েছেন যারা টিকিটের লোভে টাকা কামানোর জন্য ভিন্ন রাজনীতি করতে চাইছে। কিন্তু বিজেপির আসল নেতৃত্বরা ভালো করেই জানেন, তিপ্রাসাদের সমর্থন মথার সঙ্গে রয়েছে, দাবি তাঁর।

