আগরতলা, ১০ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের মানুষদের বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও কতিপয় মেডিকেল অফিসারসহ কিছু স্বাস্থ্যকর্মীর উদাসীনতার কারণে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনই চিত্র প্রকাশ্যে এলো কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের।
বিগত তিন দিন ধরে হাসপাতালের ল্যাবরেটরিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো যাচ্ছে না। ফলে হাসপাতালের চিকিৎসাধীন রোগীসহ বহির্বিভাগে আসা অসংখ্য মানুষ রক্ত পরীক্ষা না করিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। রক্ত পরীক্ষা না পেয়ে ক্ষুব্ধ রোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে ল্যাবরেটরি সেম্পেল কালেকশন সেন্টারের কর্মী লাভলী শীল জানায়,বিগত তিন দিন ধরে ইন্টারনেট সমস্যার কারণে রোগীদের রক্ত সংগ্রহ করা হচ্ছে না। ইন্টারনেট সমস্যা যতদিন থাকবে ততদিন রক্ত পরীক্ষা করা হবে না।তবে আশেপাশের পুরো কৈলাসহর মহকুমায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক থাকায় বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে।
রোগীরা সরকারি হাসপাতালের বদলে নিজেদের খরচে বাইরের প্রাইভেট ল্যাবরেটরিতে পরীক্ষা করাচ্ছেন, ফলে আর্থিকভাবে দুর্বল মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। একাংশ রোগী দাবি করেন, হাসপাতালের মেডিকেল অফিসার এবং প্রাইভেট ল্যাবরেটরি মালিকদের মধ্যে গোপন লেনদেনের কারণে রক্ত পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এবং মেডিকেল অফিসার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।
উল্লেখ্য, রাজ্যের অন্যতম পুরোনো হাসপাতাল হিসেবে পরিচিত রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল শহর এলাকায় অবস্থিত। শহর এলাকার হাসপাতালেই যদি স্বাস্থ্যসেবার এই রূপ দেখা যায়, তবে প্রত্যন্ত এলাকার হাসপাতালের পরিস্থিতি কেমন হতে পারে সেটা সহজেই অনুমেয়।
রোগীদের অভিযোগ প্রত্যাখ্যানযোগ্য নয়। তাই সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের বিরুদ্ধে দপ্তরীয় বা প্রশাসনিক দিক থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে সরকারের এবং স্বাস্থ্য দপ্তরের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন নাগরিকরা।

