আগরতলা , ৩০ নভেম্বর : মান্দাই বিধানসভার ৩৫ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি শোনেন এবং জনজাতি অংশের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় জনগণের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ব্যাপক সাড়া ফেলে। তাঁকে কাছে পেয়ে স্থানীয় জনজাতি অংশের মানুষ অত্যন্ত আপ্লুত হন। তাঁরা জানান, রবিবারের এই বিশেষ মুহূর্ত তাঁদের মনে বিশেষ স্থান করে নেবে।
এই পর্বে প্রধানমন্ত্রী দেশের মানুষকে উদ্দেশ্য করে সংবিধান দিবসের গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং বলেন, সংবিধান আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। পাশাপাশি ‘বন্দেমাতরম’ গান রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান। তিনি রাম মন্দিরে ধর্মধজ আরোহণের বিষয়টি উল্লেখ করে সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার বার্তা দেন।
এছাড়াও প্রধানমন্ত্রী আইএনএস মাহে রণতরীর উদ্বোধনের মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। প্রাকৃতিক কৃষি ও আধুনিক মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধি করার সম্ভাবনা সম্পর্কে বলেন। শীতকালীন পর্যটনের প্রসারে দেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের কথা জানান।
পাশাপাশি জি-20 সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বিশ্বের মঞ্চে ভারতের উজ্জ্বল অবস্থানকে তুলে ধরেন। সর্বশেষে তিনি ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সাফল্যের জন্য প্রশংসা করেন এবং নারী শক্তির অগ্রগতির উদাহরণ হিসেবে তা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মন কি বাতে দেশবাসীর দৃঢ় সংকল্প, স্বনির্ভরতা এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের উদ্যোগ মানুষকে দেশের উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত হতে অনুপ্রাণিত করে।



















