ছয় মাস ধরে সেচবঞ্চিত পশ্চিম নোয়াগাঁও, চাষাবাদে নেমেছে সংকট

আগরতলা, ২২ নভেম্বর :সেচের জন্য মেশিন বসানো হলেও একটি পাইপ ফেটে যাওয়ার জেরে গত ছয় মাস ধরে জল পাচ্ছেন না পশ্চিম নোয়াগাঁও এলাকার কৃষকরা। ফলে শীতকালীন শাকসবজি থেকে শুরু করে মাঠের ফসল নষ্ট হওয়ার পথে, আর কৃষকদের অবস্থা হয়ে পড়েছে শোচনীয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সেচলাইনের পাইপ ফুটো হয়ে যাওয়ার বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। জল না থাকায় জমিতে সময়মতো সেচ দিতে না পারায় ফসল শুকিয়ে যাচ্ছে।

ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের বক্তব্য, মেশিন আছে, কিন্তু জল নেই এতে চাষাবাদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাসীনতার জন্য সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে এলাকায় দ্রুত সেচব্যবস্থা ঠিক করার দাবিতে কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঘটনার দ্রুত সমাধান না হলে বড় ধরনের ফসলহানির আশঙ্কা রয়েছে।