আগরতলা, ২২ নভেম্বর: গতকাল রাত সাড়ে ৯টার সময় নালকাটা এলাকার মশাউলি দিক থেকে দ্রুত গতিতে আসা একদল যুবকের বাইকের তাণ্ডবে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মশাউলি বনগাঁও স্কুল সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের দুই সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই ভাই প্রণয় দে (৫৫) ও শ্রীবাস দে (৬০) বাজারে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুতগতির একটি বাইক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাঁদেরকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা
এলাকাবাসীর অভিযোগ, মশাউলি–৮২ মাইল রুটে প্রায়শই বাইক বাহিনীর তাণ্ডব চোখে পড়ে, দিন-রাত নির্বিশেষে দ্রুতগতিতে বাইক ছোড়ার ঘটনা নিয়মিত। ফলে রাস্তায় হাঁটা-চলা করা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় বাইক বাহিনীর বিরুদ্ধে ফটিকরায় থানা কি পদক্ষেপ নেয়, সে দিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না হলে এমন দুর্ঘটনা থামানো সম্ভব নয়।

