নয়াদিল্লি/গয়া, ২২ অক্টোবর : ‘পাহাড়মানব’ নামে পরিচিত দাশরথ মাঁঝির ছেলে ভগীরথ মাঁঝি কংগ্রেস থেকে বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর দাবি, রাহুল গান্ধী তাঁকে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু শেষমেশ তা মেলেনি।
ভগীরথ মাঁঝি সংবাদ সংস্থা-কে বলেন, “আমি দিল্লিতে ৪ দিন ছিলাম। সব কাগজপত্র জমা দিয়েছিলাম। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে টিকিট চেয়েছিলাম। তিনি বলেছিলেন, টিকিট দেবেন। আমি আশাবাদী ছিলাম। সবাইকে টিকিট দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাইনি। আমি রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করতে পারিনি।”
দাশরথ মাঁঝি বিহারের গয়া জেলার গেহলৌর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পাহাড় কেটে ২২ বছরে একা হাতে রাস্তা তৈরি করেন, যা ৫৫ কিমি দূরত্ব কমিয়ে ১৫ কিমিতে নামিয়ে আনে। এই অসাধারণ কীর্তির জন্য তাঁকে ‘মাউন্টেন ম্যান’ বলা হয়। ২০০৭ সালে তিনি প্রয়াত হন। বিহার সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায় এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য প্রস্তাব দেয়। ২০১৬ সালে তাঁর স্মরণে একটি ডাকটিকিটও প্রকাশ করা হয়।
রাহুল গান্ধীও এর আগে দাশরথ মাঁঝির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন এবং বলেছিলেন, তাঁর সংকল্প ও পরিশ্রম আমাদের সকলকে অনুপ্রাণিত করে।
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধন (কংগ্রেস, আরজেডি, সিপিআই, সিপিএম, সিপিআই(এমএল), এবং ভিকাশশীল ইনসান পার্টি) এখনো আসন ভাগাভাগির চূড়ান্ত রূপরেখা দিতে পারেনি। কংগ্রেস ও আরজেডি প্রার্থী তালিকা ঘোষণা করলেও জোটগত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে।
অন্যদিকে, এনডিএ ইতিমধ্যেই আসন বন্টন চূড়ান্ত করেছে। বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে লড়বে। লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২৯টি, রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিহারে দু’দফায় ভোটগ্রহণ হবে — ৬ নভেম্বর ও ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

