মাস্টারপাড়াস্থিত ৪২ ও ৮৭ নম্বর রেশন শপে ভোক্তাদের নতুন পিভিসি রেশন কার্ড প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য সরকার খাদ্য ও জনসংভরণ দপ্তরের গণবণ্টন ব্যবস্থাকে আধুনিক ও সম্পূর্ণ ডিজিটাল রূপে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে।

রাজ্যের প্রতিটি রেশন ভোক্তার হাতে কাগজের রেশন বইয়ের পরিবর্তে পিভিসি রেশন কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভোক্তারা আরও স্বচ্ছ, দ্রুত এবং সঠিক পরিষেবা পাবেন বলে দপ্তর সূত্রে জানা গেছে।
এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মাস্টারপাড়াস্থিত ৪২ ও ৮৭ নম্বর রেশন শপে ভোক্তাদের হাতে নতুন পিভিসি রেশন কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল দেব, পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ।

মন্ডল সভাপতি শ্যামল দেব বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি ত্রিপুরাকে ডিজিটাল ভারতের অভিযাত্রায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।