এবার পশ্চিমবঙ্গে নির্বাচনেও সহ-প্রভারীর দায়িত্বে সাংসদ বিপ্লব

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: প্রথমে হরিয়ানা, তারপর উড়িষ্যা, শেষে দিল্লি। এবার পশ্চিমবঙ্গেও নির্বাচনের গুরু দায়িত্ব বর্তানো সাংসদ বিপ্লব কুমার দেবের কাধেই। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁকে সহ-প্রভারী হিসেবে দায়িত্ব দিয়েছে বিজেপি। প্রভারীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

সংগঠনিক দক্ষতা এবং নির্বাচনী অভিজ্ঞতার ভিত্তিতেই বিপ্লব দেবকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এর আগে হরিয়ানা, উড়িষ্যা ও দিল্লি নির্বাচনী দায়িত্ব সামলেছিলেন তিনি। সেখানে তাঁর সক্রিয় ভূমিকা ও কাজের সাফল্য দলের অন্দরে প্রশংসিত হয়েছিল।

পশ্চিমবঙ্গেও একইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের শক্তি বৃদ্ধি করবেন এবং নির্বাচনী প্রস্তুতিকে আরও গতিশীল করে তুলবেন বলে আশা করা হচ্ছে।