আসাম: জনগোষ্ঠীর এসটি মর্যাদা ও স্বশাসনের দাবিতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি অল মরান স্টুডেন্টস ইউনিয়নর

গৌহাটি, ১৯ সেপ্টেম্বর: অল মরান স্টুডেন্টস ইউনিয়ন ফের একবার মরান জনগোষ্ঠীর জন্য তপশিলি জনজাতি মর্যাদা ও ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বশাসনের দাবি জোরালোভাবে তুলে ধরেছে। এক কড়া সুরের প্রেস বিবৃতিতে আমসু কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ইচ্ছাকৃত অবহেলার অভিযোগে করেন।

সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, বহু বছর ধরেই মরান জনগোষ্ঠী তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, আজও কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমসু-র মতে, এই প্রতিশ্রুতিগুলি শুধু নির্বাচনী লাভের জন্য, বাস্তবে কোনো অগ্রগতি নেই।

সংগঠনের দাবি, মরানরা আসামের একটি প্রাচীন আদিবাসী গোষ্ঠী হওয়া সত্ত্বেও, তাদের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক নিরাপত্তা নেই। আমসু অভিযোগ করেছে, সরকার শুধুমাত্র ভোটের সময় মরানদের ব্যবহার করে, তারপর তাদের সমস্যাগুলিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে।বর্তমানে চলমান অর্থনৈতিক অবরোধকে একটি গণতান্ত্রিক প্রতিবাদ বলে উল্লেখ করেছে আমসু । সংগঠনটির মতে, সরকারের ঔদাসীন্যই এই অবরোধের জন্য দায়ী। তারা স্পষ্ট জানিয়েছে, জনসাধারণের দুর্ভোগের সম্পূর্ণ দায়িত্ব সরকারের।

সংগঠনটি আরও অভিযোগ করেছে, কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি আন্দোলন দুর্বল করতে মিথ্যা তথ্য প্রচার করছে। এই পরিস্থিতিতে তারা রাজ্যের বুদ্ধিজীবী, সমাজকর্মী, অন্যান্য ছাত্র সংগঠন এবং আদিবাসী সংগঠনগুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছে। আমসু স্পষ্ট জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সরকার যদি এখনও উদাসীন থাকে, তবে এই আন্দোলন আরও তীব্র ও বিস্তৃত রূপ নিতে পারে।

এই ইস্যুতে রাজ্য ও কেন্দ্র সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে গোটা রাজ্য। মরান জনগোষ্ঠীর এই আন্দোলন আগামী দিনে আসামের রাজনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।