আগরতলা, ২৮ আগস্ট: সাফাই কর্মী ও বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিভিন্ন দাবিতে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ড ইউনিয়ন ও ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়ন। এদিনের ডেপুটেশনে সাফাই কর্মী এবং নিরাপত্তাকর্মীদের স্বার্থ সম্বলিত দাবি সনদ তুলে দেওয়া হয় শ্রম দপ্তরের আধিকারিকের নিকট।
এদিনের এই ডেপুটেশন সম্পর্কে ইউনিয়নের নেতৃত্ব জানান, প্রাইভেট সিকিউরিটি গার্ড, হাউসকিপিং ওয়ার্কার্স এবং সাফাই কর্মীদের কাজ বর্তমানে দেশে অন্যতম বৃহত্তম কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। সারা দেশের মতো ত্রিপুরাতেও বর্তমানে ছোট-বড় প্রায় ২৫টি এজেন্সির অধীনে প্রায় ১৬ থেকে ১৭ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন। মূলত গ্রামীণ এলাকার শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতী, বিশেষ করে দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ এই কাজে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হলেন মহিলা কর্মী।
এই কর্মীরা রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত আবাসন, ফ্ল্যাট ও বাড়িঘরে কাজ করছেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ শ্রমক্ষেত্রে নিয়োজিত থাকার পরও তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। অভিযোগ, দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হলেও ন্যায্য মজুরি দেওয়া হয় না। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সময়ে মজুরি আরও অপ্রতুল হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে এজেন্সিগুলি সময়মতো বেতনও প্রদান করে না। আইন অনুযায়ী যেসব সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়া উচিত—যেমন ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, বোনাস, স-বেতনে ছুটি—তা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রম দপ্তরের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এই বিশাল কর্মী বাহিনীর জীবনযাত্রার মান রক্ষা করতে ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানানো হয় এদিন। শ্রম দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের দাবিগুলো অবিলম্বে পূরণ করার দাবি জানিয়েছেন নেতৃত্বগণ।



















