কৈলাসহর, ২১ আগস্ট : ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ঊনকোটি, হীরাছড়া ও দেওড়াছড়া এডিসি ভিলেজে রাবার প্লান্টেশন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে মুখ্যসচিবের দ্বারস্থ হয়েছে গৌরনগর পঞ্চায়েত সমিতি।
এ বিষয়ে সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান জানান, তিনটি ভিলেজে বর্তমানে কোনো ভিলেজ কমিটি না থাকায় রেগা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অনুমোদনের দায়িত্ব সমিতির উপর পড়েছে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে দপ্তরের কিছু আধিকারিক ও স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে অনিয়ম করছেন, অভিযোগ বদরুজ্জামানের।
তাঁর দাবি, যেখানে এই তিনটি ভিলেজে মোট পাট্টাধারী পরিবারের সংখ্যা ৭৮৬, সেখানে সুবিধাভোগীর তালিকায় ৭৯৯ জনকে দেখানো হয়েছে। এমনকি, একাধিক পরিবারের সদস্যদের একাধিকবার উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ অর্থ অদলবদল করে অন্য ভিলেজে স্থানান্তর করা হয়েছে।
তাঁর আরও দাবি, জেলা শাসকের নির্দেশে রেগা প্রকল্পের অর্থ ব্লক অফিস থেকে কেটে সরাসরি জোনাল ডেভেলপমেন্ট অফিসে পাঠানো হচ্ছে, যা যথাযথ নয়। ইতিমধ্যে গৌরনগর পঞ্চায়েত সমিতি মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে, বলেন তিনি।
তিনি কড়া ভাষায় বলেন, জনজাতি কল্যাণ দপ্তর অর্থের নেশায় দিশাহীন হয়ে উঠেছে। পাহাড়প্রমাণ এই দুর্নীতির তদন্ত অবিলম্বে শুরু করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা অতি আবশ্যক।

