যোগী আদিত্যনাথের প্রশংসা করায় সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত পূজা পাল

লখনউ, ১৪ আগস্ট: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘জিরো টলারেন্স’ নীতির প্রকাশ্যে প্রশংসা করায় সমাজবাদী পার্টি (এসপি) বৃহস্পতিবার তাদের বিধায়ক পূজা পালকে দল থেকে বহিষ্কার করেছে। দলবিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

সম্প্রতি রাজ্য বিধানসভায় ‘ভিশন ডকুমেন্ট ২০৪৭’ নিয়ে ২৪ ঘণ্টার ম্যারাথন আলোচনার সময় পূজা পাল বলেন, “সবাই জানে কে আমার স্বামীকে খুন করেছিল। যখন কেউ আমাকে শুনছিল না, মুখ্যমন্ত্রী তখন আমার কথা শুনেছিলেন। তার জিরো টলারেন্স নীতির কারণে আতিক আহমেদের মতো অপরাধীদের শেষ করা সম্ভব হয়েছে। আজ গোটা রাজ্য মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে।”

এই বক্তব্যে সরাসরি ইঙ্গিত করে তিনি বলেন, “মেরে পতি কে হত্যারে আতিক আহমেদ কো মুখ্যমন্ত্রী নে মাটিতে মিলানে কা কাম কিয়া”, অর্থাৎ “আমার স্বামীর খুনি আতিক আহমেদকে মুখ্যমন্ত্রী মাটিতে মিশিয়ে দিয়েছেন।”

প্রসঙ্গত, পূজা পাল হচ্ছেন খুন হওয়া বিএসপি বিধায়ক রাজু পালের স্ত্রী। তার স্বামীর হত্যা মামলায় মূল অভিযুক্ত ছিলেন মাফিয়া ডন তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদ, যিনি সম্প্রতি পুলিশের এনকাউন্টারে মারা যান।

এসপি নেতৃত্বের মতে, এক বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে এমনভাবে প্রশংসা করা সম্পূর্ণভাবে দলের আদর্শের পরিপন্থী, এবং এ কারণে দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে।