স্মার্ট মিটারের বিরুদ্ধে ধর্মনগরে সিপিআইএম-এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধর্মনগর, ২৪ জুলাই: ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সামনে সিপিআইএম-এর ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর নামে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে, তার প্রতিবাদেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

সিপিআইএম-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্মার্ট মিটার বসানোর পর সাধারণ মানুষের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই বিষয়টি নিয়েই শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করে বিক্ষোভকারীরা বিদ্যুৎ দপ্তরের সামনে এসে জড়ো হন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দে, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ বহু দলীয় নেতা-কর্মী ও সমর্থক। বক্তারা স্পষ্টভাবে জানান, অবিলম্বে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে এবং মানুষের উপর থেকে বিদ্যুৎ বিলের বোঝা লাঘব করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের দিকে এগোবে সিপিআইএম।

এই প্রসঙ্গে অভিজিৎ দে বলেন, একসময় ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো না থাকায় বহিঃরাজ্য থেকে বিদ্যুৎ কিনে আনতে হতো। কিন্তু বর্তমানে রাজ্যেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে, ফলে মানুষের প্রত্যাশা ছিল তারা সুলভ ও নিরবিচারে বিদ্যুৎ পরিষেবা পাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিলের পরিমাণ আকাশছোঁয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, বামফ্রন্ট সরকারের আমলে মাত্র ৪০ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছিল। সেই সরকারের তুলনায় বর্তমান সরকার শুধুমাত্র শোষণ ও হয়রানির রাজনীতি করছে। এমনকি এই বিদ্যুৎ বিল বৃদ্ধিই হয়তো ভবিষ্যতে রাজ্য সরকারের পতনের অন্যতম কারণ হয়ে উঠতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।