আগরতলা, ১৩ মে: বিজেপির শাসনকালে দেশব্যাপী অঘোষিত ইমারজেন্সি চলছে। সাধারণ মানুষের গণতন্ত্র হরণ হচ্ছে। আজ সিপিআই রাজ্য সম্মেলন থেকে এমনটাই বললেন সিপিআই জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য কে নারায়ণা।
সিপিআই ২৩তম ত্রিপুরা রাজ্য সম্মেলনের সূচনা হল আজ। আগরতলা কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডস্থিত সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে শুরু হচ্ছে সিপিআই ২৩তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। এদিন। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে সূচনা হয়েছে সিপিআই ২৩তম ত্রিপুরা রাজ্য সম্মেলনের। সম্মেলন চলবে আগামী ১৪ জুলাই অর্থাৎ আগামীকাল পর্যন্ত।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য কে.নারায়না এবং পল্লব সেনগুপ্ত। ঐদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআই জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য কে নারায়না বলেন, সেপ্টেম্বর মাসের আগে প্রতিটি রাজ্যের রাজ্য সম্মেলন সম্পন্ন হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত চন্ডিগড়ে সিপিআই সারা ভারত সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, গোটা দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের ফ্যাসিস্টসুলভ শাসন চালিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র হরণ করছে। বিভিন্ন দপ্তরকে নিজেদের মত করে চালাচ্ছে। ফলে সাধারণ মানুষের স্বার্থে কোন কিছুই হচ্ছে না। তিনি বলেন বিজেপির শাসনে অঘোষিত ইমার্জেন্সি চলছে দেশে। এর থেকে পরিত্রাণের জন্য দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলার আহবান জানান তিনি।

