নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই:
গুরু পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধলেশ্বর থেত রামকৃষ্ণ মিশনে গেলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে গিয়ে তিনি তাঁর আরাধ্য দেবতা রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর মঠ চৌমুহনীস্থিত রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমর্তানন্দ মহারাজকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আজ গুরু পূর্ণিমা, এই উপলক্ষে বিজেপির তরফে গুরু শিষ্যর যে সম্পর্ক সেটি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু ক্ষমতার জন্যও রাজনীতি নয়, গুরু শিষ্যের যে ঐতিহ্যগত পরম্পরা আগামীর প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এরই অঙ্গ হিসেবে এদিন সকালে তিনি রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর আশ্রমের মহারাজ স্বামী অমর্তানন্দজীর প্রতিও শ্রদ্ধা নিবেদন করে এই গুরুশিষ্য পরম্পরাকে শ্রদ্ধা জানিয়েছেন।

