কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): গ্রেফতারের প্রায় ২৩ মাস পর জামিন পেলেন প্রাথমিক দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছেন।
হাই কোর্টের নির্দেশ, জামিন পেলেও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পর্ষদের তৎকালীন সভাপতিকে। ২০২২-এর অক্টোবরে গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে।

