সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের চেষ্টা, কটাক্ষ তথাগতর

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন এক কৃষ্ণপ্রেমী হিন্দু। তাঁকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান তবে কেন ভাঙলি ভারত করলি পাকিস্তান? স্বামীজী শরীর ছেড়ে গেছেন ১৯০২ সালে। রবীন্দ্রনাথের চিঠি ১৯২২ সালের। কাজী নজরুল বাকরুদ্ধ ১৯৪৪ সাল থেকে। এই সবের ভিত্তিতে আপনি আজকে ২০২৪-এ স্বপ্ন দেখছেন আর প্রেমের বাণী শোনাচ্ছেন?”

কৃষ্ণপ্রেমী অরুণ দাস এক্স হ্যান্ডলে লিখেছেন, “যুগে যুগে কত কবি-মুনি-ঋষি এসেছেন এই পৃথিবীতে। ধর্মের গ্লানি মুছতে কত কবিতা, গান, নাটক রেখে গেছেন এই যুগের মানুষদের পথ চলতে। কোনও ভেদাভেদ না করে একই সঙ্গে বেড়ে ওঠা। ২০২৪-এর মাঝরাতে স্বপ্ন দেখে সকাল হলে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার পোস্ট করা কী দরকার? নিজের হিন্দুত্বকে নমস্কার।” এর প্রেক্ষিতেই কটাক্ষ তথাগতবাবুর।