নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনায় সরব হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের বিদেশ সফরের সময় যে ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং তথ্যহীন কথা বলছেন তা অত্যন্ত লজ্জাজনক এবং ভারতের মর্যাদাকে আঘাত করছে।”রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে জানান, “রাহুল বলেছেন, ভারতে শিখ সম্প্রদায়কে গুরুদ্বারগুলিতে পাগড়ি পরতে দেওয়া হয় না, তাঁদের নিজেদের নিজ ধর্ম অনুসারে আচরণ করতে বাধা দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সত্য থেকে অনেক দূরে। তার দাবি যে এনডিএ সরকার সংরক্ষণ বাতিল করতে চায় তাও সম্পূর্ণ ভিত্তিহীন। একইভাবে, ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে তিনি আমেরিকার মাটিতে যে ধরনের দাবি করেছেন, তাও বিভ্রান্তিকর এবং তথ্যের বাইরে। মনে হচ্ছে, ভালোবাসার দোকান চালাতে গিয়ে রাহুলজি মিথ্যার দোকান খুলেছেন। রাহুলজির এই ধরনের মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।”
2024-09-11

