৩-৪ সেপ্টেম্বর ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, এরপর যাবেন সিঙ্গাপুরেও

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩-৪ সেপ্টেম্বর সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে ব্রুনাই দারুসসালাম সফরে যাচ্ছেন। এটিই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ব্রুনাইয়ে প্রথম দ্বিপাক্ষিক সফর। এরপর প্রধানমন্ত্রী যাবেন সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর আমন্ত্রণে ৪-৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী।প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে সোমবার এক সাংবাদিক সম্মেলনে, বিদেশ দফতরে সেক্রেটারি ইস্ট জয়দীপ মজুমদার বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে ৩-৪ সেপ্টেম্বর ব্রুনাই দারুসসালাম সফরে যাচ্ছেন। এরপরে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর আমন্ত্রণে সিঙ্গাপুরে যাবেন। সিঙ্গাপুরে ৪-৫ সেপ্টেম্বর থাকবেন প্রধানমন্ত্রী।” জয়দীপ মজুমদার বলেছেন, “এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ব্রুনাইয়ের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ও সহযোগিতার সমস্ত দিক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং সহযোগিতার জন্য নতুন ক্ষেত্রগুলিও অন্বেষণ করবেন।”