লখনউ, ২৪ আগস্ট (হি.স.): গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ভারতীয়ের জন্য জম্মু ও কাশ্মীরের ভোট গুরুত্বপূর্ণ। এই অভিমত পোষণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার যোগী আদিত্যনাথ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন শুধু জম্মু ও কাশ্মীরের জনগণের জন্যই নয়, গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ভারতীয়ের জন্যও গুরুত্বপূর্ণ। কংগ্রেস, যা ইন্ডি জোটের নেতৃত্ব দিচ্ছে, আবদুল্লাহ পরিবারের ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে একটি জোট গঠন করেছে এবং আবারও নিজেদের দেশবিরোধী পরিকল্পনা দেশের সামনে রেখেছে।”যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “সম্প্রতি, ন্যাশনাল কনফারেন্স নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে … কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের এই জোট জাতীয় নিরাপত্তা এবং ভারতীয় সংবিধানের প্রতি তাঁদের আনুগত্য সম্পর্কে অনেক বড় প্রশ্ন উত্থাপন করেছে। আমি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, কংগ্রেস জম্মু ও কাশ্মীরের জন্য একটি পৃথক পতাকা রাখার বিষয়ে ন্যাশনাল কনফারেন্সের ঘোষণাকে সমর্থন করেন কিনা… কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী কি ন্যাশনাল কনফারেন্সের এলওসি বাণিজ্য শুরু করার সিদ্ধান্তকে সমর্থন করে এবং সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ এবং এর বাস্তুতন্ত্রকে সমর্থন করে? কংগ্রেসের জবাব দেওয়া উচিত।”
2024-08-24

