শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবমন্দিরগুলিতে ধর্মপ্রাণ জনগণের উপচে পড়া ভীড় পরিলক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট:শ্রাবণ মাসের শেষ সোমবারে সেন্ট্রাল রোড শিববাড়িসহ অন্যান্য শিব বাড়িগুলিতে ধর্মপ্রাণ শিব ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। শিবের মাথায় জল ঢেলে পরিবার ও স্বামী সন্তানদের মঙ্গল কামনা করেছেন শুভ ভক্তরা।শ্রাবণ মাস শিবিরের জন্ম মাস। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সোমবারেই শিব আবির্ভূত হয়েছিলেন। সেই ধর্মীয় বিশ্বাসে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে ধর্মপ্রাণ শিব  ভক্তরা শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ প্রার্থনা করেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে এ বিষয়ে ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

মধ্যরাত থেকেই শিব ভক্তরা ভার নিয়ে ছুটে চলেন খয়েরপুর ১৪ দেবতা মন্দির সংলগ্ন  ঘাটে।  শুচিবস্ত্রে সেখান থেকে জল উত্তোলন করে  পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে অনেকেই আসেন সেন্ট্রাল রোড শিবমন্দিরে। ভোরবেলা থেকেই সেন্ট্রাল রোড শিব মন্দিরে শিব ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। যুবক যুবতী তরুণ তরুণী পুরুষ মহিলা সব অংশের মানুষ এদিন শিব মন্দিরগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস শিবকে সন্তুষ্ট করতে পারলে পারিবারিক জীবনে এবং স্বামীর সন্তানের মঙ্গল হবে। সেই প্রত্যাশাতেই সে ভক্তদের এই পূজার্চনা।