আর জি কর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেলে কর্মবিরতিতে ডাক্তারি পড়ুয়ারা

মালদা, ১১ আগস্ট (হি. স.) : একদিকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে খুনের ঘটনা । অপরদিকে মালদার বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসককে মারধর! একের পর এক ঘটে চলা ঘটনার প্রতিবাদে শামিল হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করলেন তাঁরা  । রবিবার কর্মবিরতির জেরে জরুরি বিভাগ ও প্রসূতি বিভাগে খানিকটা প্রভাব পড়ার কথা মেনে নিয়েছেন মেডিকেল সুপার। চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে কথা বলে দ্রুত কর্মবিরতি তোলার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।শুক্রবার সকালে আরজি করের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে চিহ্নিত করা হয় বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। শনিবার দুপুরের পর অভিযুক্তকে শিয়ালদা আদালতে তোলা হয়। বিচারক তার ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।