আগরতলা, ৭ আগস্ট: পৃথক পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে বিএসএফ। বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে মোট ১১ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। পাশাপাশি, ৭২ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বিএসএফের কাছে গোপন সংবাদের খবর আসে এডি নগর থানার অধীনে গজারিয়া এলাকায় অবৈধভাবে বাংলাদেশী নাগরিক বসবাস করছেন। সেই খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে বিএসএফ এবং এডিনগর থানার পুলিশ যৌথ অভিযানে চালিয়েছে। অভিযানে মুসলিম পাড়া, গজারিয়া থেকে একজন মহিলা টাউট সহ মোট আটজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।
অন্য একটি অভিযানে, আমতলী থানার পুলিশ এবং বিএসএফ আমতলী এলাকায় মোবাইল চেকপোস্টে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।
তাছাড়া, বিএসএফ এবং কলমচৌড়া থানার পুলিশের যৌথ অভিযানে ৫০ লক্ষাধিক টাকার ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে করা হয়েছে।
তেমনি, বিএসএফের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কৃষ্ণ নগরের কাছে একটি রাবার বাগানে অভিযান চালিয়ে ৯৫০০ প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করে। যার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে।

