চক্রধরপুর, ৩০ জুলাই (হি.স.): ফের রেল দুর্ঘটনা! এবার ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়ে গেল হাওড়া থেকে মুম্বইগামী ১২৮১০ হাওড়া-সিএসএমটি (শিবাজী মহারাজ টার্মিনাস) এক্সপ্রেস। ভারতীয় রেল জানিয়েছে, ট্রেন নম্বর ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান পশ্চিম আউটার এবং বারাবাম্বুর মাঝে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়েছে। প্রায় ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন। মৃতদের মধ্যে একজন বি৪ কামরায় ছিলেন। সূত্রের খবর, আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। মঙ্গলবার ভোর ৩.৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দু’টি দুর্ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ভারতীয় রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রেলের পক্ষ থেকে চালু হওয়া নম্বর গুলি হল : টাটানগর : ০৬৫৭২২৯০৩২৪, হাওড়া : ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, মুম্বই : ০২২-২২৬৯৪০৪০।
2024-07-30

