চারধাম যাত্রায় অনন্য রেকর্ড, ১৮-দিনে কেদারনাথ দর্শন ৫-লক্ষাধিক ভক্তের

রুদ্রপ্রয়াগ, ২৮ মে (হি.স.): চারধাম যাত্রা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তৈরি হল এক অনন্য রেকর্ড। মাত্রা ১৮-দিনের মধ্যেই চারধাম যাত্রার অন্যতম কেদারনাথ মন্দির দর্শন করেছেন ৫-লক্ষাধিক ভক্ত। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরুর মাত্র ১৮ দিনের মধ্যে ৫,০৯,৬৮৮ জন পুণ্যার্থী একাদশতম জ্যোতির্লিং বাবা শ্রী কেদারনাথ দর্শন করেছেন।

রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট সৌরভ গহরওয়ারর উদ্যোগে চারধাম যাত্রার ব্যবস্থা ক্রমাগত পর্যালোচনা করা হচ্ছে এবং সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে শ্রী কেদারনাথ ধাম দর্শনে আগত ভক্তরা কোনও অসুবিধা ও সমস্যার সম্মুখীন না হন।